ধর্মঘটে ৩০ হাজারের বেশি বোয়িং কর্মী
মার্কিন উড়োজাহাজ নির্মাতা জায়ান্ট বোয়িংয়ে কর্মীরা ধর্মঘট পালন করছে। ২৫ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব ও ইউনিয়নের সঙ্গে বোয়িংয়ের প্রাথমিক চুক্তি প্রত্যাখ্যান করে এই ধর্মঘট পালন করছেন সিয়াটল ও পোর্টল্যান্ডের কারখানার ৩০ হাজারের বেশি কর্মী। এসময় তারা তাদের সরঞ্জাম সরিয়ে নেন। খবর বিবিসি।
খবরে বলা হয়, শ্রমিক ইউনিয়ন সদস্যদের প্রায় ৯৫ শতাংশ ভোটে নতুন বেতন কাঠামো প্রত্যাখ্যান করেছেন। এ কর্মীরা ৭৩৭ ম্যাক্স ও ৭৭৭-সহ অন্যান্য মডেলের উড়োজাহাজ উৎপাদনের সঙ্গে যুক্ত। স্থায়ী চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন কর্মীরা।
বোয়িংয়ের নতুন প্রধান নির্বাহী কেলি অর্টবার্গের জন্য এ ধর্মঘট বড় একটি ধাক্কা হতে যাচ্ছে। একাধিক দুর্ঘটনা ও আইনি জটিলতার পর ব্যবসায় গতি আনতে গত মাসে তাকে নিয়োগ দেয়া হয়েছিল।
বোয়িং এক বিবৃতিতে নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনার টেবিলে ফিরে যেতে প্রস্তুত বলে জানিয়েছে।
ডিবিটেক/বিএমটি







